ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে সালিসি বৈঠকে সংঘর্ষ, জাপা নেতার মৃত্যু; আটক ৫

News Admin
July 5, 2026 6:05 pm
Link Copied!

৮২

মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আয়োজিত একটি সালিসি বৈঠক সংঘর্ষে রূপ নিলে মো. আব্দুর রাজ্জাক মিয়া (৪৫) নামে জাতীয় পার্টির (জাপা) এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক মিয়া ওই গ্রামের মৃত খাইরুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি জাতীয় পার্টির সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন— একই গ্রামের গোলজার হোসেন (৬৫), তার ছেলে লিটন মিয়া (২৮) ও রিপন মিয়া (১৯), মেয়ে রত্না আক্তার (৩০) এবং স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪৫)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত আছর উদ্দিন জীবদ্দশায় দুইটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর কোনো সন্তান না থাকায় পরে তিনি গোলেনুর বেগমকে বিয়ে করেন। গোলেনুর বেগমের আগের সংসারের ছেলে গোলজার রহমানকে পারিবারিক সিদ্ধান্তে ২২ শতক জমি দেন আছর উদ্দিন। পরবর্তীতে গোলেনুর বেগম ও আছর উদ্দিনের সংসারে আমজাদ হোসেনের জন্ম হয়। ওই জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে গোলজার রহমান ও আমজাদ হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের সমাধানে অতীতেও একাধিকবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হলেও স্থায়ী সমাধান হয়নি। এর ধারাবাহিকতায় রোববার আবারও একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবুর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আব্দুর রাজ্জাক মিয়া বৈঠকে পৌঁছানোর পরই প্রতিপক্ষের কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা রোসনা বেগম অভিযোগ করে বলেন, সালিসি বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকলেও তার ছেলেকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেননি। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সালিসি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে বাড়িতে, সেই বাড়ির মালিক আবুল কালাম আজাদ বলেন, বৈঠক শুরুর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত রাজ্জাক মিয়াকে হাসপাতালে পাঠানো হয় এবং পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

তারাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মাস্টার বলেন, আব্দুর রাজ্জাক মিয়া দলটির সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। যদিও আনুষ্ঠানিক কাগজপত্র তখনও সম্পন্ন হয়নি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু জানান, জমি-সংক্রান্ত বিরোধ মেটাতে সালিসি বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে কার্যক্রম শুরু হওয়ার আগেই মারামারি শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বৈঠক বাতিল করা হয়।

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ বলেন, তিনি সালিসি বৈঠকে যাওয়ার পথে একজনের মৃত্যুর খবর জানতে পারেন। এরপর বৈঠক স্থগিত হওয়ায় আর ঘটনাস্থলে যাননি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, সালিসি বৈঠককে কেন্দ্র করে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।