ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে শাহাদাত এ কারবালা মাহফিল, সন্ত্রাসবিরোধী অবস্থান জোরালো করার আহ্বান

News Admin
July 6, 2026 11:40 am
Link Copied!

৫৩

ইসলামের শান্তি, সহনশীলতা ও মধ্যপন্থার আদর্শকে সমুন্নত রেখে সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার শরীফের পীর ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি হযরত শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। একই সঙ্গে তিনি দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অনৈতিক, অমানবিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রোববার (৫ জুলাই) রাতে রাজধানীর মিরপুর-১-এর ৮২, শাহ্ আলীবাগস্থ কেন্দ্রীয় খানকাহ্ রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মসজিদে গাউছুল আ’যম মিলনায়তনে আয়োজিত শাহাদাত-এ কারবালা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, ইসলাম মানবতা, ন্যায়, ভারসাম্য ও সহনশীলতার ধর্ম। সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদ ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এসব অপতৎপরতা কোনো রাষ্ট্র, সমাজ বা জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনেনি; বরং বিভাজন, অস্থিরতা ও মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে। তাই সমাজের প্রতিটি স্তরে সন্ত্রাসবিরোধী সচেতনতা গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি।

তিনি বলেন, একজন প্রকৃত মুমিনের পরিচয় হলো পরমতসহিষ্ণুতা, শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের চর্চা এবং আত্মিক ও নৈতিক উৎকর্ষ অর্জনের অবিরাম সাধনা। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষকে সংঘাত নয়, বরং সৌহার্দ্য, সংলাপ ও মানবকল্যাণের পথে পরিচালিত করে।

তিনি আরও বলেন, একটি ক্ষুদ্র উগ্রবাদী গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে দেশ, সমাজ ও ইসলামের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হয়। এ ধরনের অনৈতিক, অমানবিক ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

কারবালার চেতনার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, পবিত্র কারবালার শিক্ষা সত্য, ন্যায়, ত্যাগ ও মানবমর্যাদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। এই চেতনা মানুষকে অন্যায়, জুলুম, উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণে অনুপ্রাণিত করে।

মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি মাওলানা বাকিবিল্লাহ আল-আজহারী, আঞ্জুমানের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মিরপুর-১ মসজিদে গাউছুল আ’যমের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুফতি মাকসুদুর রহমান, মাওলানা মনছুর আলী এবং মাওলানা খাজা বাহাউদ্দীন,মাওলানা মোহাম্মদ কেরামত আলী।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের খলিফাবৃন্দ, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সদস্যবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

মিলাদ, কিয়াম ও সালাত-সালাম শেষে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।