ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নামে প্রথম শ্রেণির পৌরসভা, সমন্বয়হীন উন্নয়নকাজে বাড়ছে ভোগান্তি

News Admin
September 3, 2026 8:32 am
Link Copied!

৫৬

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাবে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন মানিকগঞ্জ পৌরবাসী। ড্রেন নির্মাণ, পয়ঃনিষ্কাশন লাইন স্থাপন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের কারণে বারবার খুঁড়ে ফেলা হচ্ছে শহরের সড়ক। একটি প্রকল্প শেষ হওয়ার আগেই শুরু হচ্ছে আরেকটি প্রকল্পের কাজ। ফলে যেমন বাড়ছে সরকারি ব্যয়, তেমনি চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

৪২ দশমিক ৩৬ বর্গকিলোমিটার আয়তনের মানিকগঞ্জ পৌরসভায় প্রায় ৯৮ হাজার মানুষের বসবাস। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত পৌরসভাটি ১৯৯৭ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও এখনো গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।

পৌরসভা সূত্রে জানা গেছে, ৯টি ওয়ার্ডে মোট প্রায় ৩৪৭ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা ও আধাপাকা সড়ক ১২২ কিলোমিটার এবং কাঁচা সড়ক ২২৫ কিলোমিটার। অথচ কার্যকর ড্রেনেজ সুবিধা রয়েছে মাত্র ১২ কিলোমিটার এলাকায়। ফলে বর্ষা মৌসুমে অধিকাংশ এলাকায় পানি নিষ্কাশনে জটিলতা দেখা দেয়।

বর্তমানে পৌর এলাকায় তিনটি প্যাকেজের আওতায় প্রায় ৫ দশমিক ১৭ কিলোমিটার পাইপলাইন ও আরসিসি ড্রেন নির্মাণের কাজ চলছে। এসব কাজের জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক খুঁড়ে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে একই সড়ক বারবার কাটা হচ্ছে। আগে সড়ক নির্মাণ বা সংস্কার করা হলেও কিছুদিন পর ড্রেন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজের জন্য আবারও সেই সড়ক খনন করা হয়। এতে একদিকে অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে নাগরিক দুর্ভোগও বাড়ছে।

শহরের গার্লস স্কুল রোড, সরকারি হাই স্কুল রোড, সিআরপি হাসপাতাল রোড ও খান বাহাদুর হিজুলি রোডসহ বিভিন্ন সড়কে খোঁড়াখুঁড়ির কারণে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব স্থান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল চালক ও পথচারীদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা দীপক কুমার ঘোষ বলেন, সিআরপি হাসপাতালের সামনের সড়কে কয়েক মাস আগে ড্রেন নির্মাণকাজ শুরু হলেও এখনো সড়কটি পুরোপুরি সংস্কার করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, বর্তমানে পৌর এলাকায় প্রায় ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজও চলছে। তবে পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার ঘাটতি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে এ সমস্যা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সড়ক, ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ বাস্তবায়ন করা গেলে একই সড়ক বারবার কাটার প্রয়োজন হবে না এবং নাগরিক ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।