মোঃ শাহজাহান বাশার
রাজধানীর মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো অফিসের কাছে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। দূর থেকেও আগুনের ধোঁয়া দেখা যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়েছে কি না, কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

