হাফিজুর রহমান,কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। একই সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থী বাছাই উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১০ সেপ্টেম্বর (বুধবার) বাদ মাগরিব ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। উদ্বোধন শেষে স্থানীয় নাজিমগঞ্জ বাজার চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওলামা দল নেতা মাওলানা মনিরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি এবং মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের মেম্বর। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বদরু, বর্তমান সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাজান আলী প্রমুখ।
সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মথুরেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. নূরুস সালাম গাইনকে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

