ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান: মাদক, আতশবাজি ও প্রসাধনীসহ গ্রেপ্তার ১৪

Shahjahan Bashar
October 29, 2026 11:57 am
Link Copied!

২৩

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযান এবং বিজিবির অভিযানে মাদকদ্রব্য, ভারতীয় আতশবাজি ও প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে মাদক সেবনের অপরাধে দুজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পৃথক অভিযানে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৪০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য স্কাফ সিরাপ এবং একটি নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিজিবির অভিযানে ৪০০ পিস ভারতীয় কালার কালেকশন বাজি, ২ হাজার ২৫০ পিস স্পাইডারম্যান বাজি, ৬ হাজার পিস জয়ারানী তারা বাজি এবং ৭২০ পিস ভারতীয় স্কিনশাইন ক্রিম উদ্ধার করা হয়।

গাঁজাসহ সাতজন গ্রেপ্তার

পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মমিনুল ইসলামের বসতবাড়ির দরজার সামনে থেকে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. বিল্লাল হোসেন (৫৫), মো. সোহেল (৪২), মো. বাদশা (৪৮), মো. হারুন (৬৮), মো. শহিদ মিয়া (৫৭), মো. নাজমুল হক (৪৭) ও মো. মমিনুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জ, রাজশাহী ও কুমিল্লার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

ভারতীয় আতশবাজি ও প্রসাধনী উদ্ধার, গ্রেপ্তার একজন

বুধবার বিজিবির একটি দল ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশনের পশ্চিম পাশে জামাল মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় ৪০০ পিস ভারতীয় কালার কালেকশন বাজি, ৭২০ পিস স্কিনশাইন ক্রিম, ২ হাজার ২৫০ পিস স্পাইডারম্যান বাজি এবং ৬ হাজার পিস জয়ারানী তারা বাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সায়েম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

স্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

বুধবার রাত ১১টা ৪০ মিনিটে এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল থেকে বাঁশতলী যাওয়ার ইটসলিং সড়কের পাশে কৃষ্টপুরমুখী সেতুর সামনে অভিযান চালায়।

এ সময় ৪০ বোতল স্কাফ সিরাপ ও একটি নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরুজ্জামান মিয়াদ (২৩) ও আল আমিন (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডাকাতির মামলায় গ্রেপ্তার একজন

বৃহস্পতিবার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি মো. শাহারুল ইসলাম তাজিম জাবেদ হাসানকে (২০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার ১৮ নম্বর মামলাটি ২৪ এপ্রিল ২০২৬ তারিখে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় দায়ের করা হয়েছিল।

জিআর পরোয়ানায় গ্রেপ্তার একজন

এ ছাড়া এসআই মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর হাজারী বাড়ি এলাকার বাসিন্দা।

মাদক সেবনের অপরাধে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা

বৃহস্পতিবার এসআই সুজন কুমার আচার্য্য ও এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে সোহেল আজাদ (২৩) ও মো. দেলোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।