নিউজ ডেস্ক
কুমিল্লা, ১৪ জুলাই: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ডাবল কেবিন পিকআপভ্যান থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মো. নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ঢাকা মেট্রো-১১-৮৮৮২ নম্বরের একটি ডাবল কেবিন পিকআপভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে গাড়ির চালক মো. নুরুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়।
আটককৃত নুরুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার মাতারবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গিরাখালী ডাকঘর এলাকার হাজীখালী বাজারের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ জানান, আটককৃত নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত যানবাহনসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে আটককৃত আসামিকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি সাজেদুল ইসলাম পালাশ বলেন, “মাদক নির্মূলে দাউদকান্দি মডেল থানার অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

