ঢাকাSaturday , 7 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে তরুণ প্রজন্মকে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত 

Md Salam Miya
November 7, 2026 3:51 pm
Link Copied!

৯২

 

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত।

তিনি বলেছেন, ১৯৭১ সালের পর দেশে মতপ্রকাশের স্বাধীনতা হরণ, বাকশাল প্রতিষ্ঠা ও দুর্ভিক্ষের দুঃশাসনের বিরুদ্ধে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশি-বিদেশি আগ্রাসন ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সেনাসদস্যরা একযোগে রাজপথে নেমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেন এবং তাঁর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।

শনিবার (৭ নভেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ডিসপ্লে প্রদর্শনী ও ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয়ে আলোচনা করেন।

এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এক ব্যতিক্রমী র‍্যালিতে যোগ দেন। এ সময় সেরিব্রাল পালসি দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, রক্ষীবাহিনীর নিপীড়ন এবং দুর্ভিক্ষের মাধ্যমে দেশকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। একইভাবে ২০২৪ সালের আগের ফ্যাসিবাদী শাসনামলেও জনগণ অধিকারহীনতা ও দুঃশাসনের মুখোমুখি হয়েছিল। ২০২৪ সালে যেভাবে তরুণ সমাজ দেশকে মুক্ত করতে জেগে উঠেছিল, ঠিক একইভাবে ১৯৭৫ সালেও সিপাহী-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো আগ্রাসী বা আধিপত্যবাদী শক্তি যেন জনগণের ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা হরণ করতে না পারে, সে জন্য সেনাবাহিনী, তরুণ সমাজ ও সাধারণ মানুষকে ৭ নভেম্বরের ঐক্য ও সংহতির চেতনা ধারণ করতে হবে।

তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রকে ধারণ করে তরুণ প্রজন্মকেই আগামী দিনের সুখী, সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন হিরো, সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ও তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।