ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলা (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন

News Admin
July 18, 2026 12:22 pm
Link Copied!

৩৮

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামেল, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, বাহরুল উলূম হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী সাহেব কিবলা (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ইছালে সওয়াব মাহফিল যুক্তরাজ্যের ঐতিহাসিক লন্ডন ব্রিক লেন জামে মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা দুবাগী (রহ.) ইছালে সওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন তাঁর বড় ভাই বিশিষ্ট আলেম আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

প্রচণ্ড গরম আবহাওয়া উপেক্ষা করে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত পীর-মাশায়েখ, আলেম-উলামা, ইসলামপ্রিয় জনসাধারণ, আল্লামা দুবাগী (রহ.)-এর অসংখ্য মুরিদ ও মুহিব্বীন মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানের সূচনায় মাওলানা ফখরুল ইসলাম মরহুমের স্মরণে হৃদয়স্পর্শী নাশিদ পরিবেশন করেন।

মাহফিলে বক্তব্য রাখেন দেশের ও প্রবাসের খ্যাতিমান আলেম-উলামা, পীর-মাশায়েখ এবং ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) ছিলেন প্রবাসে ইসলামী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান আলেম, বিজ্ঞ মুফতি, দক্ষ সংগঠক, সফল শিক্ষক, ইসলামী লেখক এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। যুক্তরাজ্যে ইসলামী শিক্ষা, সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য।

বক্তারা আরও বলেন, আল্লামা দুবাগী (রহ.) ব্যক্তি উদ্যোগের পাশাপাশি শক্তিশালী ইসলামী প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তিনি যুক্তরাজ্য অঞ্জুমানে আল-ইসলাহর প্রতিষ্ঠাতা, দারুল হাদীস লতিফিয়া, লন্ডনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ইউকে উলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রবাসী আলেম সমাজকে ঐক্যবদ্ধ করতে অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব ছিল প্রজ্ঞা, দূরদর্শিতা, বিনয় ও ঐক্যের অনন্য উদাহরণ।

আলোচকরা বলেন, একজন শিক্ষকের প্রকৃত পরিচয় তাঁর ছাত্রদের মাধ্যমে প্রকাশ পায়। আল্লামা দুবাগী (রহ.) হাজার হাজার ছাত্র গড়ে তুলেছেন, যারা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম প্রচার ও দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছেন। তাঁর পাঠদান ছিল গবেষণাভিত্তিক, দলিলসমৃদ্ধ ও সহজবোধ্য। তিনি শুধু পাঠ্যবই ব্যাখ্যা করতেন না; বরং বিষয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, কুরআন-সুন্নাহর দলিল এবং বাস্তব জীবনে তার প্রয়োগও তুলে ধরতেন। ফলে তাঁর শিক্ষার্থীরা প্রকৃত আলেম হিসেবে গড়ে ওঠার সুযোগ পেয়েছেন।

বক্তারা তাঁর ইসলামী সাহিত্যচর্চা, কুরআন-সুন্নাহভিত্তিক ফতোয়া প্রদান, মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা, সমাজসেবা এবং প্রবাসী মুসলিম সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি সর্বদা আল্লাহভীতি, আত্মশুদ্ধি, উত্তম চরিত্র এবং সুন্নাহর অনুসরণের ওপর গুরুত্ব দিতেন। তাঁর বিনয়, আন্তরিকতা ও আধ্যাত্মিক প্রভাব আজও মানুষের হৃদয়ে অম্লান।

বক্তারা আরও উল্লেখ করেন, ২০২০ সালের ১০ জুলাই যুক্তরাজ্যে তাঁর ইন্তেকালে বিশ্বব্যাপী মুসলিম সমাজে শোকের ছায়া নেমে আসে। তবে একজন সত্যিকারের আলেম কখনও মৃত্যুবরণ করেন না; তাঁর জ্ঞান, ছাত্র, প্রতিষ্ঠান, গ্রন্থ ও আদর্শ যুগের পর যুগ মানুষকে আলোর পথ দেখিয়ে যায়। আল্লামা দুবাগী (রহ.)-এর রেখে যাওয়া সেই আদর্শ আজও বিশ্বজুড়ে ইসলামের খেদমতে অনুপ্রেরণার উৎস।

মাহফিলে দেশ-বিদেশের অসংখ্য আলেম-উলামা, হাফেজ, ক্বারী, ইসলামী সংগঠনের নেতা, বিভিন্ন মসজিদের খতিব, শিক্ষক, সমাজসেবী ও প্রবাসী বাংলাদেশি মুসলিমগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের রূহের মাগফিরাত কামনা, মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা দুবাগী (রহ.)-এর বড় ভাই আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।