ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত আটক, সহযোগীদের ভূমিকা নিয়েও তদন্ত

News Admin
July 5, 2026 5:14 pm
Link Copied!

৬৫

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে তাকে আটক করে।

‎কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ জানায়, গত ৩০ জুন ভোরে কুমিল্লা, নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই নারী ফুটপাতে ঘুমিয়ে ছিলেন।

‎শনিবার, ৪ জুলাই সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত খোকনকে আটক করা হয়। তিনি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

‎ভাইরাল ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা মধ্যবয়সী ওই নারীর কাছে যান। পরে তাকে ধর্ষণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার সেখানে এসে ওই নারীকে দেখতে পান।

‎স্থানীয়দের দাবি, আটক খোকন এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং তিনি একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।

‎কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, “ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসার পরপরই তদন্ত শুরু করি। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।”

‎এদিকে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, পিচ্চি শাহ আলম ও কালা দেলো নামে দুই ব্যক্তি ঘটনার সঙ্গে সহযোগী হিসেবে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিশ্চিত করেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।