ঢাকাWednesday , 30 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সন্তানের জন্য মায়ের আর্তনাদ, ডাকাতের গুলিতে আহত গৃহবধূ, বিচার দাবিতে বিক্ষোভ

Link Copied!

৩৭

‎কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির সময় তাঁর স্ত্রীকে গুলি করার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শিবের বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি বসন্তপুর এলাকায় প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার দাবি করে। একপর্যায়ে দেলোয়ারের স্ত্রীকে মুখে টেপ পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পাশের কক্ষে তাঁর মেয়ে মাইশা শুয়ে ছিল।

‎এ সময় মেয়ের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে গৃহবধূ চিৎকার করে বলেন, ‘মাইশা বাঁচা।’ এরপর ডাকাত দলের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে তাঁর পায়ে আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরে অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, ঘটনার মূলহোতাসহ আরও কয়েকজন এখনও গ্রেপ্তার হয়নি। দেলোয়ার হোসেনের ছোট ভাই মোবারক হোসেন বলেন, ‘ডাকাতেরা প্রথমে আমার ভাবির মুখে টেপ পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশের রুমে আমার ভাতিজি মাইশা শুয়ে ছিল। তখন ভাবি চিৎকার করে বলে, মাইশা বাঁচা। এরপর ডাকাত দলের লোকজন আমার ভাবিকে গুলি করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘পুলিশ একটি অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হোক। মানববন্ধনে বক্তারা বলেন, বসন্তপুরসহ পাঁচথুবী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। বসতঘরে ঢুকে ডাকাতির সময় একজন গৃহবধূকে গুলি করার ঘটনায় সেই আতঙ্ক আরও বেড়েছে। ‎তাঁরা বলেন, সাধারণ মানুষ নিজেদের ঘরেও যদি নিরাপদ না থাকে, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাতে পুলিশের টহল বাড়িয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। বক্তারা ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নং ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন, আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে স্থানীয় বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা ডাকাতি বন্ধ, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, মূলহোতাদের শনাক্ত এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।