গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মাহবুব আলম। মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় সড়কে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন মাহবুব আলম এবং চারদিকে স্লোগানে মুখর হয়ে উঠেছে পরিবেশ।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের রাজনীতির সাথে যুক্ত থেকে মাহবুব আলম দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম-এর আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের মতে, শশীদল ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ-দুঃখ ও খোঁজখবর নেওয়ার কারণে এলাকায় মাহবুব আলমের আলাদা পরিচিতি তৈরি হয়েছে। বিপদ-আপদে পাশে থাকা ও সহজলভ্যতার কারণে তিনি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে ‘মাহবুব ভাই’ হিসেবে পরিচিত।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে শশীদল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সেবামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আসন্ন নির্বাচনে তিনি ইতিবাচক সাড়া পাবেন।

