জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৩ নম্বর চালা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমজাদ হোসেন। তিনি চালা ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আমজাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। ভবিষ্যতে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নকে বিশেষ গুরুত্ব দিতে চান। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে চালা ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করাই তাঁর স্বপ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ রয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে।
রাজনৈতিক পরিচয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবং বর্তমানে হরিরামপুর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তাঁকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর চূড়ান্ত প্রার্থিতা ও দলীয় মনোনয়নের বিষয়টি এখনো সংশ্লিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
আমজাদ হোসেন বলেন, এলাকার মেহনতি ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে চালা ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগ, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চান তিনি।
সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী চালা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

