বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ নুরুল আলম
বান্দরবানের লামা সদর হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রিক্সা চালক মোঃ জসিম উদ্দীনকে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিঃ ।
শনিবার হাসপাতালে চিকিৎসাধীন ওই রিক্সা চালকের হাতে সমিতির নেতৃবৃন্দ এই সহায়তার অর্থ তুলে দেন। অসুস্থ মোঃ জসিম উদ্দীন লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার বাসিন্দা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত কিছুদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে লামা সদর হাসপাতালে ভর্তি আছেন রিক্সা চালক জসিম উদ্দীন। তাঁর পরিবারে অসচ্ছলতা থাকায় সুচিকিৎসা ও ওষুধপত্র কেনা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে মানবতার পাশে দাঁড়ানোর অংশ হিসেবে লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিঃ-এর পক্ষ থেকে তাঁর চিকিৎসা সহায়তায় মোট ৫,০৪০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— লামা উপজেলা রিক্সা চালক সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মো. বাদশা মিয়া, সেক্রেটারি মো. সুরুজ মিয়া, ক্যাশিয়ার মো. নজরুল গাজী, সমিতির সদস্য মো. হাবিব ও মো. মাঈন উদ্দিন। এছাড়া মানবিক এই মহতী উদ্যোগে বিশেষ সহযোগিতা ও উপস্থিত ছিলেন বিএনপি মহিলা দলের প্রচার সম্পাদক মোছাঃ রোকেয়া বেগম। অসুস্থ রিক্সা চালক জসিম উদ্দীনের পরিবার সমিতির এই বিপদের বন্ধুসুলভ সহযোগিতায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

