মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্যদেবতার আরাধনা বা ছট পূজা। সূর্যাস্ত ও সূর্যোদয়কে কেন্দ্র করে দুই দিনব্যাপী এ পূজা উপলক্ষে ঘাঘট ও তিস্তা নদীর তীরে সমবেত হন শতশত পুণ্যার্থী। তাঁদের উপস্থিতিতে নদীর তীরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
প্রতিবছর কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবতার আশীর্বাদ লাভের আশায় এ পূজার আয়োজন করা হয়। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদীসহ উপজেলার বিভিন্ন স্থানে তিস্তা নদীর তীরে ছট পূজা অনুষ্ঠিত হয়েছে।
নিজেদের মনোবাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং বিভিন্ন মানত পূরণের আশায় হিন্দু ধর্মাবলম্বীদের হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে এসব পূজামণ্ডপ ও নদীর ঘাটে। পুণ্যার্থীদের পদচারণায় নদীর তীর পরিণত হয় এক মিলনমেলায়।
রোববার (১৫ নভেম্বর) ছিল ছট পূজার প্রথম দিন। সূর্যাস্তের আগে থেকেই উপবাস পালন করে ফুল, ফল, প্রসাদ ও পূজার প্রয়োজনীয় উপকরণ নিয়ে নদীর ঘাটে উপস্থিত হন পুণ্যার্থীরা। এরপর নদীতে স্নান করে হাঁটুপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে শুরু করেন পূজা-অর্চনা। সূর্যাস্তের পর ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে দ্বিতীয় দিনের পূজা উপলক্ষে আবারও নদীর তীরে সমবেত হন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের আগমুহূর্ত থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের পর সূর্যদেবতাকে প্রণাম, নদীতে স্নান ও শরবত পানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন। পূজা শেষে একে অপরকে আবির মাখিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন তাঁরা।
এদিকে, সন্তান লাভসহ বিভিন্ন মনোবাসনা পূরণের আশায় অনেক পুণ্যার্থী ভোরে নদীর পানিতে নেমে প্রদীপ জ্বালিয়ে তা ভাসিয়ে দেন। তাঁদের বিশ্বাস, সূর্যদেবতার আশীর্বাদে পূরণ হবে তাঁদের মনের আশা।
ছট পূজায় অংশ নিতে আসা অনিল সাহা ও সুজন সাহা বলেন, “আমরা সূর্যদেবতাকে সন্তুষ্ট করার জন্য এ পূজা করে থাকি। এ পূজাকে ছট পূজাও বলা হয়। ছট পূজার মাধ্যমে সূর্যদেবতার আশীর্বাদ লাভ এবং নিজেদের মনোবাসনা ও মানত পূরণের আশায় প্রতিবছর ঘাঘট নদীর তীরে পূজা করতে আসি। পাশাপাশি জগতের সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনাও করি।”
মূলত হিন্দু ধর্মাবলম্বীদের হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়ের মধ্যে ছট পূজার প্রচলন বেশি থাকলেও বর্তমানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসবে পরিণত হয়েছে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এ উৎসব উপভোগ করতে নদীর তীরে ভিড় করেন। ধর্মীয় ভক্তি, আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির আবহে ঘাঘট ও তিস্তা নদীর তীর হয়ে ওঠে প্রাণবন্ত জনসমাগমস্থল।

