ঢাকাWednesday , 18 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফের বনে আহত হাতির শরীরে ৮ গুলির চিহ্ন, চিকিৎসা দিল বন বিভাগ

Md. Shahriya Sikder
November 18, 2026 6:27 pm
Link Copied!

৬৯

মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। আহত হাতিটির ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বন বিভাগের উদ্যোগে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে আহত অবস্থায় বনাঞ্চলে ঘুরছিল হাতিটি। ডান পায়ে গুরুতর আঘাত থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। মঙ্গলবার (১৭ নভেম্বর) ড্রোনের সহায়তায় হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ।

ড্রোনের মাধ্যমে অবস্থান শনাক্ত করার পর ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। চিকিৎসার সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করা হয়। এর মধ্যে দুটি ক্ষত পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে।

টেকনাফ শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, অপহরণকারী ও মানবপাচারকারীরা হাতিটিকে গুলি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পাহাড়ে যাওয়া স্থানীয় বাসিন্দা আব্দুল শরীফের ধারণা, হাতিটির বিচরণক্ষেত্রে মানবপাচারকারী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আস্তানা রয়েছে। হাতির চলাচলে তাদের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায় অপরাধীরা হত্যার উদ্দেশ্যে হাতিটিকে গুলি করে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।

এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আহত হাতিটিকে দেখা যায়। সে সময় হাতিটির সঙ্গে আরও একটি সুস্থ হাতি ছিল।

স্থানীয়দের ভাষ্য, গত তিন দিন ধরে আহত হাতিটির সঙ্গী হাতিটি তাকে ছেড়ে যায়নি। কখনো পাশাপাশি হাঁটছে, আবার চলার সময় আহত হাতিটিকে সহযোগিতা করছে। আহত হাতিটি ধীরগতিতে চললেও তার সঙ্গীও সঙ্গে থাকছে।

উল্লেখ্য, টেকনাফের হ্নীলা ও বাহারছড়ার দুর্গম পাহাড়ে সশস্ত্র অপরাধী গোষ্ঠীর তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে অপহরণ, মানবপাচার, মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।