হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি |নান্দাইল, ময়মনসিংহ।
শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা নিশ্চিতকরণ এবং ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজে স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য ও দিকনির্দেশনা:-
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব ও কলেজের সভাপতি জনাব এনামুল কাদির।
মতবিনিময় সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক চাহিদা ও সমস্যাগুলোর কথা তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কলেজের বিভিন্ন চাহিদা ও উন্নয়নের বিষয়গুলো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জনাব ইয়াসের খান চৌধুরী-র সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ আহ্বান ও আলোচনা:-
সভায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান তালহা শিক্ষা উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এছাড়া আমন্ত্রিত শিক্ষকবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষার মান বৃদ্ধিতে নানামুখী সুচিন্তিত ও মূল্যবান মতামত তুলে ধরেন।
উপস্থিত বক্তারা একমত পোষণ করে বলেন, মানসম্মত শিক্ষা বিস্তার ও তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলেই একটি সমৃদ্ধ ও আলোকিত নান্দাইল গড়ে তোলা সম্ভব।

