নিজস্ব প্রতিবেদক,
ঢাকা:
জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকমুক্ত যুবসমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে আগামী ৩ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এ অনুষ্ঠানের যৌথ আয়োজক সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন ও সার্ক হিউম্যান রাইটস ফোরাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি এবং সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. হাবিবুল হক। তিনি ‘সময় এডিশন’-এর আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের। উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. হামিদা খানম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউদ্দোলা চৌধুরী।
আয়োজকদের মতে, মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে অনুষ্ঠানে মাদকের কুফল, যুবসমাজের দায়িত্ব এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হবে।
আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতিচর্চা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হবে।
আয়োজক সংগঠন দুটির পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, তরুণ সমাজ এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

