জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ও আসন্ন ইউপি সদস্য পদপ্রার্থী মো. বিল্টু খন্দকার।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুর্গাপুর গ্রামে রাস্তাটির সংস্কারকাজ শুরু করেন তিনি। নিজ উদ্যোগ ও অর্থায়নে কাজটি সম্পন্ন করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে পথচারী ও যানবাহন চালকদের নানা সমস্যার মুখে পড়তে হতো। বিশেষ করে যানবাহন চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিনেও রাস্তাটির সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের।
এলাকাবাসী জানান, রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দৈনন্দিন যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হয়েছিল। বিল্টু খন্দকারের উদ্যোগে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এখন চলাচল আগের তুলনায় সহজ হবে বলে তাঁরা আশা করছেন।
স্থানীয়দের মতে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের কাজ প্রশংসনীয়। এতে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে এবং এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে।

