মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে মালবোঝাই ট্রাক। এতে এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার কামরাঙ্গার তল নামক স্থানে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করার উদ্দেশ্যে তিন শ্রমিক সেখানে আসেন। এ সময় মহাসড়কের পাশে একটি অটোভ্যান দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে আসা মালবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এনামুল হকের মৃত্যু হয়। এ সময় অটোভ্যানচালকসহ আরও দুজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত দুজনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে, আহত অটোভ্যানচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে। একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পান শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

