নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা
কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শরীফ ইবনে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতোয়ালী মডেল থানার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের মনিপুর (পূর্বপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিনিয়ার পলাশের একতলা বাড়ির পেছন থেকে ৩৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মনিপুর গ্রামের ছলিমের ছেলে মাইন উদ্দিন খান (৩৩) এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া গ্রামের বুলবুলের ছেলে মো. কাঞ্চন শাহা (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, জব্দ করা গাঁজা মনিপুর গ্রামের মনু মিয়ার ছেলে নাঈম (২৮) ও বাবুল (২২) সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তাদের মাধ্যমে ঘটনাস্থলে নিয়ে আসে। পরে তারা গাঁজার পাহারার দায়িত্ব পালন করছিলেন। পলাতক আসামিরা আটক ব্যক্তিদের ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করতেন বলেও তারা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাইন উদ্দিন খানের বিরুদ্ধে পূর্বেও তিনটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ আরও জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
